নিজস্ব প্রতিনিধি, মালদা - বাসিন্দাদের দাবি, স্বাধীনতার পর এই প্রথম পাকা রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে এলাকায়। আর সেই রাস্তার কাজ ঘিরেই বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে বিবাদ। রাস্তার কাজে অনিয়ম হচ্ছে, এই অভিযোগ তুলে কাজ বন্ধ করতে আসেন বিজেপি নেতা রাজকুমার দাস। পাল্টা তার বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ তোলেন বিজেপির অন্য গোষ্ঠীর সদস্যরা। এই নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল বচসা ও ধাক্কাধাক্কি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শেষ পর্যন্ত দুই পক্ষকেই এলাকা থেকে তাড়া করে দেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। এরপর ফের শুরু হয় রাস্তার কাজ।
স্থানীয় সূত্রে জানা গেছে, হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের বড়ল এলাকায় প্রায় দেড় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বাসিন্দাদের দাবি, স্বাধীনতার পর থেকে এই এলাকায় কোনও পাকা রাস্তা হয়নি। তৃণমূল আমলে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। সেই টাকায় দেড় কিলোমিটার রাস্তা তৈরির টেন্ডার হয়। পালাবদলের পর রাস্তার কাজ শুরু হয়েছে। বাসিন্দাদের দাবি, প্রথম দিকে কাজ নিয়ে কিছু অভিযোগ থাকলেও ঠিকাদারের সঙ্গে কথা বলার পর এখন কাজ ঠিকভাবেই হচ্ছে। এর মধ্যেই তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দয়মন্তী দাসের স্বামী তথা বিজেপি নেতা রাজকুমার দাস রাস্তার কাজ বন্ধ করতে এলে বিবাদ শুরু হয়।
বিজেপির পঞ্চায়েত সদস্য ঐশী চন্দ্র দাসের গোষ্ঠীর সঙ্গে রাজকুমার দাসের গোষ্ঠীর বচসা শুরু হয়। এক পক্ষের অভিযোগ, রাজকুমার দাস কাটমানি নেওয়ার উদ্দেশ্যেই রাস্তার কাজ বন্ধ করতে এসেছেন। পাল্টা রাজকুমার দাসের অভিযোগ, পঞ্চায়েত সদস্যের গোষ্ঠীর লোকজনই কাটমানি নিয়েছেন। তবে দুই পক্ষই নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। রাজকুমার দাসের দাবি, রাস্তার কাজে তৃণমূলের লোকজন দুর্নীতি করার চেষ্টা করছে। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসায় অস্বস্তিতে গেরুয়া শিবির।
ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য কিষান কড়িয়া জানান, 'ঘটনাটি আমাদের জানা ছিল না, আমরা তদন্ত করে দেখছি। বিজেপি আসার পর রাস্তার কাজ শুরু হয়েছে এবং কোনও ধরনের দুর্নীতি বা কাটমানি বরদাস্ত করা হবে না। যদি আমাদের কোনও সদস্য দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়, দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। গ্রামবাসীর কোনও অভিযোগ থাকলে আইন নিজের হাতে না নিয়ে প্রশাসনকে লিখিতভাবে জানাতে হবে। আমরা চাই, রাস্তার কাজ ভালোভাবে হোক এবং সাধারণ মানুষ তার সুবিধা পান'।
তুলসীহাটা অঞ্চলের উপপ্রধান দয়মন্তী দাসের স্বামী রাজকুমার দাস জানান, 'আমার বিজেপির পঞ্চায়েত সদস্যের সঙ্গে কোনও মতপার্থক্য নেই। কিছু তৃণমূলের লোক ও ঠিকাদারের চামচারা গ্রামবাসীদের উস্কে দিয়ে ঝামেলা পাকাচ্ছে। আমি উপপ্রধানের স্বামী হিসেবে অভিযোগ পেয়ে কাজ দেখতে এসেছি। এসে দেখেছি, রাস্তার কাজের মান অত্যন্ত খারাপ, কোথাও ৩ ইঞ্চি, কোথাও ৪-৫ ইঞ্চি ঢালাই হচ্ছে। প্রায় ১ কোটি ৪৫ লক্ষ টাকার এই প্রকল্পে কোনও দুর্নীতি বা টাকার বিনিময়ে কাজ আমরা মেনে নেব না। আমরা উন্নয়নের পক্ষে এবং চাই কাজটি সঠিক মান বজায় রেখে গ্রামবাসীদের স্বার্থে সম্পন্ন হোক'।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, 'আমরা চাই রাস্তার কাজটা বন্ধ না হয়ে ভালোভাবে শেষ হোক। রাস্তার কাজ কিছুটা খারাপ হলেও আমরা গ্রামবাসীরা দাঁড়িয়ে থেকে কন্ট্রাক্টরকে বুঝিয়ে কাজটা ঠিকভাবে করানোর চেষ্টা করছিলাম। হঠাৎ করে কেউ এসে কাজ বন্ধ করে দিলে সাধারণ মানুষেরই সমস্যা হবে। দুর্নীতি বা কাটমানির অভিযোগ থাকলে প্রশাসনের উচিত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।'
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের